চোলাই মদের আসর

26th April 2020 District
চোলাই মদের আসর


ভাগীরথীর উপরে গজিয়ে ওঠা চরে  ঘাঁটি গেড়েছিল ওরা । একটি বা দুটি নয় , অন্তত ২০টি চোলাই  মদের ভাটি গজিয়ে উঠেছিল সেই নির্জন চরে । সাগরদিঘি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে চরের সমস্ত চোলাই মদের ভাটি ভেঙে দিল শনিবার দুপুরে। তবে কারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকেই এদিন গ্রেফতার করতে পারেনি পুলিশ। 
জঙ্গিপুর পুলিশ জেলার এস পি ওয়াই রঘুবংশী জানান , এইসব চোলাই ভাটিতে মদ তৈরির প্রায় ৫ হাজার লিটার উপকরণ এদিন নষ্ট করে ফেলা হয়েছে।  
ভাগীরথীর একদিকে  সাগরদিঘির  কামড়াপাড়া , অন্যদিকে ভগবানগোলার মহম্মদপুর। তার মাঝে গজিয়ে ওঠা চরে  বিশাল ঘাসের জঙ্গল । সেখানেই জঙ্গলের আড়ালে  বানানো হয়েছিল এই সব মদের ভাটি । প্রতিদিন তৈরি হত কয়েক হাজার লিটার করে চোলাই মদ । নদীর পাড় থেকে ১০০ মিটার দূরে এই চর। পাড় থেকে বোঝার জো নেই ভিতরের এত সব কারবার। তৈরি হওয়া চোলাই এই চর থেকেই যেত গোবর্ধনডাঙা , পাটকেলডাঙা ও কাবিলপুরের  বিভিন্ন গ্রামে । চর থেকে চোলাই নিয়ে পাড়ে যাতায়াতের জন্য ছিল ছোট ছোট টিনের তৈরি ডোঙা । লকডাউনের সময় ঘরবন্দি রয়েছে মানুষজন । তাই ইদানিং বেশ বেড়েছিল চোলাইয়ের বিক্রি। সাগরদিঘির  প্রত্যন্ত এলাকা বলে সেভাবে পুলিশের যাতায়াত নেই এই এলাকায় । তারই সুযোগ নিয়ে এইসব ভাটি গজিয়ে ওঠার সুযোগ পেয়েছিল। 
সম্প্রতি লকডাউনের নজরদারিতে গিয়ে পুলিশের নজরে পড়ে প্রত্যন্ত গ্রামগুলিতে চোলাই বিক্রি হচ্ছে । পুলিশ জানতে পা্রে, একাধিক ভাটি রয়েছে চরের ঘাসের জঙ্গলের মধ্যেই । 
শনিবার দুপুরে সাগরদিঘির ওসি সুমিত বিশ্বাস বিড়াট সংখ্যক পুলিশ বাহিনী নিয়ে হানা দেয় চরে । জল পেরিয়ে পুলিশকে আসতে দেখেই  সম্ভবত চরের পিছনের দিক দিয়ে ভগবানগোলার দিকে পালিয়ে যায়  চোলাইয়ের কারবারিরা । চরের ভিতরে পা রাখতেই পুলিশের চোখ কপালে ওঠে । সারে সারে সাজানো টিন । তাতে ভর্তি চোলাই ও তার নানা উপকরণ। চরের মধ্যে একাধিক খাল কেটে ডোবা বানানো হয়েছে । ভাগীরথী থেকে জল বয়ে এনে ভর্তি করা রয়েছে ডোবায় । প্রচুর সংখ্যায় বড় বড় উনুন। বড় বড় হাঁড়ি  । সব চোলাই মদ মাটিতে ঢেলে ফেলে দেয় পুলিশ । ভেঙে ফেলা হয় চোলাই তৈরির সমস্ত সরঞ্জাম, উনুন।  
পুলিশ সূত্রে জানা যায়, এই চোলাই কারবারের সবচেয়ে বড় মাথা আজিমগঞ্জ লাগোয়া বিশ্বনাথপুরের কয়েকজন দুষ্কৃতী। কয়েকজনের নামও পেয়েছে পুলিশ। তারা চোলাই তৈরি করত । আর স্থানীয় এলাকার কিছু মানুষ সেগুলি এখান থেকে নিয়ে গিয়ে গ্রামে গ্রামে ব্যবসা  চালাচ্ছিল । #





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।